লালমনিরহাটে পুকুরে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু
লালমনিরহাট সদর উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্য হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালুক মৃত্তিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারলেস অপারেটর আনোয়ারুল হক।
মৃতরা হল ওই গ্রামের মিন্টু মিয়ার মেয়ে মীম (৯), কুসুম (৮) ও ভাতিজা নাহিন (৮)।
পরিবারের বরাত দিয়ে আনোয়ারুল হক বলেন, দুপুরে বাড়ির পাশে খেলার এক পর্যায়ে পুকুরে গোসল করতে নামে শিশু তিনটি। এ সময় ওদের সঙ্গে ইদুল নামে আরেক শিশুও ছিল।
“গোসলের এক পর্যায়ে কুসুম পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে এগিয়ে যায় বড় বোন মীম ও চাচাতো ভাই নাহিন। কিন্তু ভারসাম্য হারিয়ে তারা দুজনও ডুবে যায়।”
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবার পুকুর থেকে শিশুদের উদ্ধার করে। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত্যু ঘোষণা করেন।
হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার দীপংকর রায় বলেন, হাসপাতালে আনার আগেই ওই তিন শিশুর মৃত্যু হয়েছে।
