নিজামীর রিভিউ খারিজ: বরিশালে আনন্দ মিছিল
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেওয়ায় আনন্দ মিছিল করেছে বরিশালে সাংস্কৃতিক সংগঠনগুলো।
বৃহস্পতিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়।
সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানারে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মিছিল থেকে জামায়াতে ইসলামীর এ নেতার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার একাত্তরের বদরপ্রধান নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেয়।।
২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে প্রাণদণ্ড দেয়। সুপ্রিম কোর্ট গত ১৫ মার্চ আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করলে ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করে, পরদিন তা পড়ে শোনানো হয় যুদ্ধাপরাধী নিজামীকে।
গত ২৯ মার্চ আপিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন নিজামী। সেই রিভিউ আবেদনের ওপর মঙ্গলবার প্রায় আড়াই ঘণ্টা শুনানি করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল রায় প্রদানকারী বেঞ্চ।
