মাগুরায় স্কুলশিক্ষককে পিটিয়ে জখম
মাগুরার মহম্মদপুরে স্কুলশিক্ষককে রড় দিয়ে পিটিয়ে জখম করেছে কয়েকজন তরুণ।
মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, বুধবার রাতে উপজেলার ধোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল হান্নান উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও ধোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বৃহস্পতিবার ওই শিক্ষক পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার বরাত দিয়ে ওসি রিয়াজুল ইসলাম বলেন, রাত বাড়ি যাওয়ার পথে স্কুল গেটের সামনে ৪-৫ তরুণ তার গতিরোধ করে এবং লোহার রড দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
“বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই শিক্ষক পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তবে মামলার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।”
শিক্ষকের স্ত্রী তানজিলা রিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পড়াশুনার জন্য কিছুদিন আগে তিনি (হান্নান) চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ভর্ৎসনা করেছিলেন। এর জেরে ওই ছাত্রীর স্বজনেরা তার উপর হামলা করেছে হয়ত।”
শিক্ষকের হাত, পিঠসহ শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রসুল।
ধোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
