২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী ধর্ষণের অভিযোগে চুয়াডাঙ্গায় শিক্ষককে মারধর

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ছাত্রী ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে এলাকাবাসী মারধর করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 10:35 PM

Updated : 20 Aug 2022, 12:37 PM

বুধবার সন্ধ্যায় ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক আহাদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে সদর থানার ওসি মো. তোজাম্মেল হক জানান।

এর আগে ধর্ষণের অভিযোগ উঠার পর শিক্ষকের শাস্তি চেয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ বিক্ষোভ করে এবং অভিভাবক ও স্থানীয়রা তাকে মারধর করলে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে পুলিশসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং বিদ্যালয় কমিটির সাথে মিটিং করে বলে ওসি তোজাম্মেল জানান।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার পর আসামিকে আটকের পাশাপাশি ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে পক্ষে ও বিপক্ষে অনেক কথা শোনা যাচ্ছে। ঘটনাটি ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা কথা বলতে রাজি হননি। অভিযুক্ত শিক্ষক আটক থাকায় তার সাথেও কথা বলা যায়নি।