২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রহরীদের সঙ্গে সংঘর্ষ: যশোর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আজীবন বহিষ্কার

ছাত্রীকে উত্ত্যক্তের জেরে এক নৈশ প্রহরী ও তার বহিরাগত বন্ধুদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 09:36 PM

Updated : 20 Aug 2022, 12:37 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তারের সভাপতিত্বে রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল।

সেইসঙ্গে ওই নৈশ প্রহরীকে বরখাস্ত এবং আরও তিন ছাত্রকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজীবন বহিষ্কার হলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং (জিইবিটি) বিভাগের মাস্টার্সের ছাত্র নাসির উদ্দীন বাদল।

এছাড়া মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র কামরুজ্জামান কামাল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাশিদুজ্জামান রাজন, মাইক্রোবায়োলজি বিভাগের মাস্টার্সের ছাত্র রাসেল পারভেজ ও একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাজেদুর রহমান শপুকে বিশ্ববিদ্যালয় হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

হায়াতুজ্জামান মুকুল বলেন, ২০১৫ সালের ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নৈশ প্রহরী বাদল ও তার বহিরাগত বন্ধুদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।

“এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। গত ৯ এপ্রিল তদন্ত কমিটি কর্মচারী বদিউজ্জামান বাদলকে বরখাস্ত ও শিক্ষার্থী নাসির উদ্দিন বাদলকে স্থায়ী বহিষ্কার এবং আরও চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করে প্রতিবেদন দেয়।”

এ সুপারিশের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুরনো খবর:

আন্দোলনের মুখে যবিপ্রবি বন্ধ ঘোষণা, ২৭ শিক্ষার্থী আটক