নাটোরে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
নাটোরের গুরুদাসপুরে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা থেকে ইয়াবা উদ্ধার ও তাদের আটক করা হয় বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন।
এ সময় ইয়াবা বহনের জন্য ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, ট্রাক চালক রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার নাসিমুদ্দিনের ছেলে সেলিম রেজা, তার সহকারী একই এলাকার মাঈনুল ইসলামের ছেলে হাসান আলী এবং পুঠিয়া থানার জসিম উদ্দিনের ছেলে কালু।
পুলিশ কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন, গোপন খবর পেয়ে কাছিকাটা টোল প্লাজায় রাজশাহীগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় চালকসহ তিনজনকে আটক করা হয়
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
