নেত্রকোণায় মন্দিরের মূর্তি চুরি
নেত্রকোণা শহরের একটি শিব মন্দিরে চুরি হয়েছে।
মঙ্গলবার রাতে পাটপট্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে নেত্রকোণা মডেল থানার ওসি আবু তাহের জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মন্দিরের পুরোহিত গোপাল চন্দ্র বীন মন্দিরের তালা ভাঙা দেখেন। পরে মন্দিরের ভেতরে ঢুকে দেখতে পান একটি শিবলিঙ্গসহ পাথরের তিনটি মূর্তি চুরি হয়েছে।
“চুরি যাওয়া মূর্তিগুলোর ওজন প্রায় ২২ কেজি। তবে সেগুলো কষ্টি পাথরের নয়।”
চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থল থেকে হাতের ছাপসহ অন্যান্য আলামত সংগ্রহে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বীন জানান, চুরি যাওয়া ওই পাথরের মূর্তিগুলোকে প্রায় ৫০ বছর ধরে পূজা করে আসছেন তারা।
