২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে দুই শিবিরকর্মী গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2016, 10:05 PM

Updated : 20 Aug 2022, 12:36 PM

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রামু সদরের মেরংলোয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।

গ্রেপ্তার হয়েছেন পূর্ব মেরংলোয়া এলাকার মো. ইব্রাহিম খলিলের ছেলে রাশেদুল করিম (২০) ও অন্য একজন (১৭), যার বয়স ১৮ বছরের কম বলে নাম প্রচার করা হয়নি।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেইসবুকে নিজেদের আইডি ব্যবহার করে তারা দুজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে গত কয়েক দিন ধরে প্রচার করে আসছিলেন।

“বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”

তাদের নামে তথ্য-প্রযুক্তি আইনে মামলা হবে বলে ওসি জানান।