চুয়াডাঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলায় মামলা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গরু ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৪-১৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
বাঘাডাঙ্গা গীর্জাপাড়া গ্রামের আলম মণ্ডল বোমা হামলায় আহত হওয়ায় তার বাবা সনৎ মণ্ডল দামুড়হুদা থানায় মঙ্গলবার ডাকাতি মামলা করেছেন বলে ওসি লিয়াকত হোসেন জানান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরু ব্যবসায়ী আলম মণ্ডল নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকার সময় সোমবার রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত হানা দেয়।
সদর হাসপাতালে চিকিৎসাধীন আলম বলেন, তারা বাড়ি ঢুকে টাকা চেয়েছিল।
“এ সময় আমি শাবল নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে তারা বোমা হামলা করে। দুটি বোমা লক্ষ্যভ্রষ্ট হলেও একটি আমার বাম হাত ও বাম পায়ের ঊরুতে লাগে।”
হাসপাতালের চিকিৎসক হাসনাত পারভেজ শুভ বলেন, বাম পায়ের ঊরু ও বাম হাতে যে আঘাত রয়েছে তার গভীরতা আছে।
তবে আলম এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানান।
মঙ্গলবার সকালে পুলিশ সুপার রশীদুল হাসান ও সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরে সহকারী পুলিশ সুপার আহত আলমকে হাসপাতালে দেখতে যান।
তিনি বলেন, পুলিশ হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।
