সাংবাদিকদের দুই পক্ষের হাতাহাতি, ফেনীতে ৪ জন আহত
ফেনী প্রেসক্লাবে সাংবাদিকদের দুই পক্ষের হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়িতে চারজন আহত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে ফেনী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে বলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রেসক্লাব নেতারা ক্লাবে আলোচনাকালে ফেনী প্রেসক্লাবের সভাপতি পরিচয়দানকারী সাংবাদিক রফিকুল ইসলাম বহিরাগত দুর্বৃত্তদের নিয়ে ক্লাবে আলাদা একটি ব্যানার টাঙানোর চেষ্টা করেন।
“এতে ক্লাব নেতারা বাধা দিলে তারা বহিরাগতদের নিয়ে ক্লাব সদস্য বখতেয়ার ইসলাম মুন্নাকে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।”
তিনি অভিযোগ করেন, একপর্যায়ে উভয় পক্ষ চেয়ার ছোড়াছুড়ি শুরু করলে বাংলাদেশ প্রতিদিনের ফেনী প্রতিনিধি, সময় সংবাদের ফেনী ব্যুরো অফিসের চিফ বখতেয়ার ইসলাম মুন্না, বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম ও স্থানীয় ফেনী টাইমস পত্রিকার নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল বুলবুল গুরুতর আহত হয়।
পরে ক্লাবের সদস্য ও কর্মকর্তারা চিৎকার করলে হামলাকারীদের পালিয়ে যেতে দেখা যায়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকতা অসীম কুমার সাহা জানান, সাংবাদিক রফিকুল ইসলাম মাথায় আঘাত পেয়েছেন।
তার মাথায় চারটি শেলাই দিয়ে উন্নত চিকৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
আহত সাংবাদিক সময় সংবাদের ফেনী ব্যুরো অফিসের চিফ বখতেয়ার মুন্না বলেন, “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রস্তুতি সভায় ভুয়া কমিটির সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী ফেনী প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটলেও কেউ ধারালো অস্ত্র ব্যবহার করেনি বলে তিনি জানান।
পুলিশ সুপার রেজাউল হক বলেন, খবর পেয়ে তিনি নিজে ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ফেনী প্রেসক্লাবের সভাপতি নূরুল করিম মজুমদার হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করে ঘটনার নিন্দা জানিয়েছেন।
বিভিন্ন মিডিয়ায় রফিককে সভাপতি দাবি করায় তিনি তার প্রতিবাদ জানান।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা ও শোভাযাত্রাসহ সকল কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে বলে সভাপতি নূরুল করিম মজুমদার জানান।
