নীলফামারীতে অস্ত্রসহ ৩ ‘জেএমবি’ সদস্য গ্রেপ্তার
নীলফামারীতে অস্ত্রসহ ‘জেএমবির’ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ছয়টি হাতবোমা, একটি চাপাতি ও চারটি চাকু পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কিত্তিনিয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুর রহমান (২৫), আরাজি ইটাখোলা গ্রামের সাহেব আলীর ছেলে মাসুদার রহমান ওরফে ইব্রাহীম ওরফে মাসুদ (৪২) ও মোশারফ হোসেন (৩৮)।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা পুলিশ হত্যার পরিকল্পনা করছিল এমন গোপন খবরে আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ওই দিনই অভিযান চালিয়ে মাসুদার রহমান ওরফে ইব্রাহিম ওরফে মাসুদ ও তার ছোট ভাই মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে নীলফামারী গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক এরশাদ আলম বাদী হয়ে মামলা করেছেন।
সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। সেইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
