২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গুজব ছড়িয়ে হামলার অভিযোগ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ‘কাদিয়ানি গুজব তুলে’ আব্দুল কাদের জিলানি অনুসারীদের মসজিদ ও বাড়িঘরে হামলা-ভাংচুরসহ নির্যাতনের অভিযোগ উঠেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2016, 06:52 PM

Updated : 20 Aug 2022, 12:35 PM

সোমবার নোয়াখালী প্রেসক্লাবে আলত্বাফুল বারী ইসলামী ফাউন্ডেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এম জি আজম চৌধুরী।

লিখিত বক্তব্যে আজম চৌধুরী বলেন, যুগ যুগ ধরে দেশের সর্বত্রই বড়পীর গাউছুল আযম আব্দুল কাদের জিলানির অনুসারীরা কুরআন, হাদিসসহ মহানবীর (সা.) মতবাদ প্রচার করে আসছে।

“এ মতাবলম্বীরা ইসলাম ধর্ম অনুসারে সঠিকভাবে জীবনযাপন করছে এবং ইসলামের অপব্যাখ্যার বিরুদ্ধে সোচ্চার রয়েছে। যান্ত্রিক ইবাদতকে পরিহার করে তার বিরুদ্ধে প্রচার চালায়। তারা মসজিদে মাইক ব্যবহার করে না।”

তিনি অভিযোগ করেন, সম্প্রতি সেনবাগে একটি চক্র আবদুল কাদের জিলানির অনুসারীদের ‘কাদিয়ানি’ আখ্যা দিয়ে সাধারণ মুসল্লিদের খেপিয়ে তুলছে। ইতোমধ্যে ওই ‘চক্রটি’ কয়েকদফায় জিলানি অনুসারীদের মসজিদ, মক্তব ও মাদ্রাসায় হামলা চালিয়েছে।

“মারধর করেছে ঈমাম, মুয়াজ্জিনসহ নারী-পুরুষ ও শিশুদের। প্রতিনিয়ত তাদের মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছে ওই চক্রটি।”

আজম চৌধুরী বলেন, সম্প্রতি ‘মুসলিম তাওহিদি জনতা, নোয়াখালী’ নামে ওই চক্রটি একটি লিফলেট ছড়ায়, যাতে লেখা আছে ‘ইহুদীদের দালাল ও ভণ্ড মাইক বিরোধীদের বিরুদ্ধে জেগে ওঠো মুসলিম জনতা’।

এ অবস্থায় জিলানি অনুসারীরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছে তারা। আগামীতে বড় ধরনের হামলা ও নাশকতার আশংকাও করছে বলে দাবি করেন আজম চৌধুরী। 

এসব বিষয় নিয়ে ইতোমধ্যে প্রশাসনিকভাবে জিলানি অনুসারী ও তাদের বিরোধীদের মধ্যে দফায় দফায় বৈঠক হলেও কোনো ফল আসেনি বলে জানান আজম।

এসব ঘটনার জন্য পূর্ব ইয়ারপুর গ্রামের মৃত গোলাপের রহমানের ছেলে সেলিম চৌধুরীকে দায়ী করা হয় সংবাদ সম্মেলনে।

আজম চৌধুরী তাদেরকে নিরাপত্তা দিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি এজাজ আহমাদ, জেলা কমিটির সভাপতি সলিম উল্লা মিয়া, সেনবাগ আলত্বাফুল বারী গাউসুল আযম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি খোরশেদ আলম, শাহ্পুর মেহেরাজীয়া জামে মসজিদের মোতওয়াল্লী জহিরুল ইসলাম, পূর্বনবগ্রাম জামে মসজিদের ঈমাম মাওলানা জয়নাল আবদীন, আলতাফুল বারী জামে মসজিদের মোতওয়াল্লী মো. জসিম উদ্দিন হারুন প্রমুখ।

এ ব্যাপারে সেলিম চৌধুরী বলেন, জিলানি অনুসারীরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গ্রামের সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে উঠেছে।

তবে উত্তেজনাকর প্রচারপত্র বিতরণের সঙ্গে তার সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি।

সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ বলেন, জিলানি অনুসারী ও সাধারণ মুসল্লিদের মধ্যে মাইক ব্যবহার করা না করাসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়। এনিয়ে উভয় পক্ষকে থানায় ডেকে একাধিকবার বৈঠক করা হয়েছে এবং উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

পুরো বিষয়টি জেলা প্রশাসন ও জেলা পুলিশের নজরে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো পক্ষ আইন হাতে তুলে নিলে বা উস্কানি দিচ্ছে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।