কুমিল্লায় ১২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যান চলাচল বিঘ্নিত হওয়ার ১২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চলাচল স্বাভাবিক হয় বলে কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত সুপার এনামুল হক জানান।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ সময় গাছ চাপায় বুড়িচংয়ে এক বৃদ্ধ নিহত হন।
এএসপি এনামুল হক বলেন, ঝড়ের পর থেকে পুলিশ মহাসড়কে পড়ে থাকা গাছপালা সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।
বিকল্প পথে কুমিল্লা শহরের ভেতর দিয়ে যান চলাচল করলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের চেষ্টায় সকালে যান চলাচল স্বাভাবিক হয়।
এই ১২ ঘণ্টার মধ্যে যান চলাচল বিঘ্নিত হলেও একেবারে বন্ধ ছিল না বলে জানান তিনি।
