‘আমগাছে ঢিল ছোড়ায় মারধর’, শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জে ‘আমগাছে ঢিল ছোড়ায়’ কিল-ঘুষিতে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।
রোববার দুপুরে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের এ ঘটনা ঘটে।
শিশুটিকে হত্যার অভিযোগে এলাকাবাসী স্থানীয় ছাদু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
নিহত তানজিলা (৭) শ্রীনিবাসদী গ্রামের রবিউলের মেয়ে।
এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, বেলা দুপুর আড়াইটার দিকে মেয়েটি প্রতিবেশী ছাদু মিয়ার আমগাছে আম পাড়ার জন্য ঢিল ছোড়ে।
“এ ঘটনা দেখে ছাদু মিয়া শিশুটিকে ধরে মাথা ও বুকে কিল-ঘুষি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে তার লাশ একটি প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে পরে কাগজের কার্টনে ভরে নিজ বসতঘরে লুকিয়ে রাখছিলেন।”
ওই সময় তানজিলার খেলার সার্থীরা দেখে ফেলে সবাইকে জানালে ছাদু মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করেন, বলেন ওসি সাখাওয়াত।
তিনি আরও বলেন, পালানোর সময় এলাকাবাসী ছাদুকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ বিকাল ৪টার দিকে ছাদু মিয়ার ঘর থেকে তানজিলার লাশ উদ্ধার করে।
ছাদু শ্রীনিবাসদী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পাওয়ারলুম শ্রমিক বলে পুলিশ জানিয়েছে।
ওসি সাখাওয়াত জানান, তানজিলাকে হত্যার ঘটনায় ছাদু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
