বেসিক ব্যাংকে জালিয়াতি: দুই ব্যবসায়ী গ্রেপ্তার
বেসিক ব্যাংকের জালিয়াতির ঘটনায় এবার জামালপুরে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃরা হলেন জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার আবুল কাশেমের দুই ছেলে শামীম আহম্মেদ সুজা (৫০) ও সরোয়ার জাহান (৪৫)।
এ ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে গত বছর ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর মোট ৫৬টি মামলা করে দুদক।
এসব মামলায় ১২০ আসামির মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা রয়েছেন ২৭ জন। আসামিদের মধ্যে ব্যাংকের দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহান ও মো. সেলিম, উপমহাব্যবস্থাপক শিপার আহমেদ,সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারী ও মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদীনকেও গ্রেপ্তার হয়েছে।
দুদক প্রধান কার্যালয়ের তদন্ত শাখার উপ-পরিচালক মো. ইব্রাহিম জানান, এই ঘটনায় শুক্রবার গভীর রাতে দুদক ও সদর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, কম দামের সম্পত্তির মূল্য বেশি দেখিয়ে বেসিক ব্যাংক থেকে ৭০ কোটি টাকা উত্তোলনের পর তা আত্মসাত করেছে।
“তারা জালিয়াতির মাধ্যমে ৭০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত করে।”
