২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী গোপালগঞ্জে, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2016, 12:00 PM

Updated : 12 Apr 2022, 01:57 AM

শনিবার  সকাল সোয়া ১০টার দিকে জন্মস্থান টুঙ্গিপাড়ায় পৌঁছেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া-মোনাজাতে অংশ নেওয়ার পর তার কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন তিনি।

এর মধ্যে রয়েছে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, মধুমতি নদীর ওপর নির্মিত চাঁপাইল ব্রিজ, টুঙ্গিপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি কমপ্লেক্স।

এছাড়া তিনি শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ ১০ কিলোওয়াট এফএম রেডিও স্টেশন, গোপালগঞ্জ-কাশিয়ানী-গোবরা নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প, টুঙ্গিপাড়া, মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিস্থাপন করেন।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব জাহাঙ্গীর আলম জানান, দুপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শেখ হাসিনা।

বিকালে প্রধানমন্ত্রীর কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন এবং সেখানে কোটালীপাড়ার  ১০০ প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ এবং মাল্টি মিডিয়া প্রজেক্টর বিতরণ করার কথা রয়েছে।

সব শেষে, আওয়ামী লীগের কর্মী সভায় যোগ দেবেন এবং সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন বলে জানান প্রধানমন্ত্রীর একান্ত সচিব।