২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আড়াই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর সদর উপজেলায় আড়াই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাইপলাইন অপসারণসহ কয়েকজনকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 09:29 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বৃহস্পতিবার তিতাস গ্যাস কোম্পানির সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন।

তিতাস গ্যাসের গাজীপুর মহাব্যবস্থাপক প্রকৌশলী এস এম আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, গাজীপুর সদরের গজারিয়াপাড়া, বাংলাবাজার, রাজেন্দ্রপুর এলাকায় অবৈধভাবে স্থাপিত ১ ইঞ্চি ব্যাসের প্রায় ৩ কিলোমিটার গ্যাস পাইপলাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।

“এ সময় বেগমপুর, নয়াপাড়া ও হোতাপাড়া এলাকায় অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় আড়াই হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।”

একই সময় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ায় হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকার মোহাম্মদী রেস্টুরেন্ট ও মায়ের দোয়া হোটেল থেকে ৫০ হাজার টাকা করে এবং আদনান টি-স্টল থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান তিতাসের কর্মকর্তা।

অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাসের গাজীপুরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।