২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ হয়ে আকাশে পাখা মেলল ঈগলটি

দুই মাস চিকিৎসা শেষে আকাশে পাখা মেলল মাগুরার মহম্মদপুর উপজেলার সেই ঈগলটি।

মাগুরা প্রতিনিধি

এ বোস,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

নহাটা ইউনিয়নের খর্দ ফুলবাড়ি সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির ঈগলটি বৃহস্পতিবার দুপুরে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন হোসেন।

ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১১ ফেব্রুয়ারি তিনি দাপ্তরিক কাজে নহাটা যাওয়ার পথে খর্দ ফুলবাড়ি এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশুদের কাছ থেকে আহত ঈগলটি উদ্ধার করেন।

“এরপর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম মোস্তফার তত্ত্বাবধানে আমার বাসভবনের একটি ঘরে প্রায় দুই মাস চিকিৎসার পর ঈগলটি সুস্থ হয়।”

প্রাণিসম্পদ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  ঈগলটি বহুরূপী শিকারি প্রজাতির। এদের এখন আর তেমন একটা দেখা যায় না। বিল এলাকায় মাছ খেয়ে জীবন ধারণ করে। খাবার ও বসবাসের পরিবেশ না থাকায় ঈগল প্রজাতির পাখিগুলো বিলুপ্তির পথে।

পাখা ছড়ানো অবস্থায় পাখিটির দৈর্ঘ্য চার ফুটের বেশি।  ছাই রঙের পালকের মাঝে সাদা ডোরাকাটা দাগ রয়েছে।

কোনো কারণে গুরুতর আহত হয়ে পাখিটি শিশুদের হাতে ধরা পড়ে বলে ধারণা করা হচ্ছে।

ইউএনও বলেন, “পাখিটি সুস্থ হয়ে তার আবাসস্থলে ফিরে যাওয়ায় আমরা সবাই খুশি।”

ঈগলটিকে অবমুক্ত করার সময় ইউএনও ও প্রাণিসম্পদ কর্মকর্তা ছাড়াও প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।