২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকসহ নূর হোসেনের ‘সহযোগী’ হাসান গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী হিসেবে পরিচিত কাউন্সিলর আরিফুল হক হাসানসহ তিন জনকে মাদকসহ আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 07:11 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আলমগীর হোসেন।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৮ ক্যান বিয়ার ও আট বোতল বিদেশি মদ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টারের ছেলে।

এ ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন নূর হোসেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্তের পর উপ নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন হাসান।

র‌্যাব কর্মকর্তা আলমগীর বলেন, গোপন খবর পেয়ে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪৮ ক্যান বিয়ার এবং আট বোতল বিদেশি মদ উদ্ধার এবং ওই মাইক্রোবাসে থাকা কাউন্সিলর আরিফুল হক হাসান ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গত ২০১৪ সালের ২৭ এপ্রিল প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নূর হোসেন, আরিফুল হক হাসান ও তাদের অন্যান্য সহযোগীদের নামে থাকা ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করে জেলা প্রশাসন।

ওই ঘটনায় দীর্ঘ দিন পালিয়ে থাকার পর আরিফুল হক হাসান এলাকায় ফিরে আসেন এবং নূর হোসেনের ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন।

পুরনো খবর:

নূর হোসেনের ওয়ার্ডের নতুন কাউন্সিলর আরিফুল