২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলের দ্রুত ফলন দেবে যে জাত

নয় বছর গবেষণার পর ‘বাণিজ্যিক’ চাষাবাদের উপযোগী বেলের একটি জাত স্বীকৃতি পেয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

র. হাসান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 05:44 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত এই গাছে সারা বছর ফলবে বেল। জাতের নাম রাখা হয়েছে- বারি বেল-১।

এই বেল চাষাবাদ করে দেশীয় ফলের ঘাটতি অনেকটাই পূরণ হবে এবং চাষিরাও লাভবান হবেন বলে মনে করছেন এর উদ্ভাবক।

চাঁপাইনবাবগঞ্জের এই গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরফ উদ্দিনের তত্ত্বাবধানে ২০০৭ সালে এ গবেষণা শুরু হয়।

গত জানুয়ারিতে জাতীয় বীজ বোর্ড বারি বেল-১ জাতটি বাজারজাত করার অনুমতি দেয়।

তিনি জানান, অতীতে বীজ থেকে জন্মানো গাছে ফলন পেতে ৮-১২ বছর অপেক্ষা করতে হতো।

“ফলে মানুষ বাণিজ্যিকভাবে চাষ করত না। এই জাতটি কলমের মাধ্যমে জন্মানো যাবে, যার ফলে মাতৃগাছের গুণাগুণ একই রকম থাকবে এবং ফল আসতে সময় লাগবে মাত্র পাঁচ বছর।

“ফল মাঝারি আকারের, প্রতিটি ফলের গড় ওজন হবে ৯০০ গ্রাম, কাঁচা বেলের রং সবুজ আর পাকলে হালকা সবুজ হতে হালকা হলুদ বর্ণের দেখাবে।

এই বেলের ৭৮ ভাগ অংশেই খাওয়ার উপোযোগী হবে জানিয়ে তিনি বৈজ্ঞানিক হিসেব দিয়ে বলেন এ ফলের মিষ্টতা টিএসএস ৩৫%।

সাত বছর বয়সী প্রতিটি গাছে বছরে গড়ে ৩৮টি করে বেল ধরবে, যার মোট ওজন ৩৪ কেজি উল্লেখ করে তিনি জানান, হেক্টর প্রতি ফলন প্রায় ১৪ টনের মতো।

“তবে গাছের বয়স বাড়ার সাথে সাথে ফলনও বাড়বে।”

মার্চের শেষ থেকে ২০ এপ্রিলের মধ্যে এই জাত সংগ্রহের সময়। দেশের সব জেলাই এই জাত চাষাবাদ করা যাবে বলে জানান এই বৈজ্ঞানিক কর্মকর্তা।