আপেলের লোভ দেখিয়ে বাসায় নিয়ে শিশু ‘ধর্ষণ’
লালমনিরহাট শহরে আপেল খাওয়ার লোভ দেখিয়ে বাসায় নিয়ে শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
শহরের বাবুপাড়ার রেলওয়ের পরিত্যক্ত কোয়ার্টারের বাসিন্দা মকবুল হোসেনের (৫০) বিরুদ্ধে এই অভিযোগ করেছেন শিশুটির (১২) মা।
সদর থানার ওসি এএইচএম মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে শিশুটির বাসায় আর কেউ না থাকার সুযোগে মকবুল তাকে অপেল দেওয়ার লোভ দেখিয়ে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করে বলে শিশুর মা অভিযোগ করেছেন।
শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের চিকিৎসক আজমল হোসেন বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মামলা হলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানিয়েছেন।
