রাবি শিক্ষক শফিউল হত্যা: যুবদল নেতা কারাগারে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক একেএম শফিউল ইসলাম হত্যা মামলার আসামি এক জেলা যুবদল নেতাকে কারাগারে পাঠনোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার রাজশাহী মহানগর হাকিম মোকসেদা আজগরের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল।
আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
ঘটনার পর থেকে উজ্জ্বল পলাতক ছিলেন। এ মামলায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, যাদের একজন উজ্জ্বল।
২০১৪ সালের ১৫ নভেম্বর বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিহাস এলাকায় কুপিয়ে হত্যা করা হয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ কে এম শফিউল ইসলাম লিলনকে, যিনি বাউল সাধক লালন ভক্ত ছিলেন।
ঘটনার দিন রাতেই ফেইসবুকে আনসার আল ইসলাম বাংলাদেশ-২ এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক এন্তাজুল হক এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করা হয়েছে।
এ মামলার তদন্ত শেষে মহানগর গোয়েন্দা পুলিশ গত বছরের ৩০ নভেম্বর ১১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আসামিরা হলেন আনোয়ার হোসেন উজ্জ্বল, আবদুস সামাদ পিন্টু, আরিফুল ইসলাম মানিক, সিরাজুল ইসলাম, সবুজ, আল-মামুন, আরিফ, সাগর, জিন্নাত আলী, ইব্রাহিম খলিল ও নাসরিন আখতার রেশমা।
নাসরিন যুবদল নেতা আব্দুস সামাদ পিন্টুর স্ত্রী। তিনি বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার।
নাসরিন আখতার রেশমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার কারণে শিক্ষক শফিউল ইসলামকে হত্যা করা হয় বলে ওই সময় র্যাব বলেছিল।
আনোয়ার হোসেনের আইনজীবী রইসুল ইসলাম বলেন, অভিযোগপত্রের আসামিদের মধ্যে একজন ছাড়া সবাই উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। জামিন না পাওয়ায় যুবদল নেতা আব্দুস সামাদ পিন্টু এখনও কারাগারে আটক রয়েছেন।
অধ্যাপক শফিউল হত্যার ঠিক দেড় বছরের মাথায় একইভাবে গত শনিবার সকালে নিজ বাসার কাছে খুন হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী।
তার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল।
