২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় দুই লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় পৃথক স্থান থেকে এক পোশাক কর্মী ও অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 04:11 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বুধবার আশুলিয়ার ইসলামনগর এলাকা থেকে পোশাক কর্মী সোমা বেগম (২৬) ও ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে ওই যুবকের (২৮) লাশ উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির।

সোমা মাদারীপুরের কালকিনি থানার রামনগর এলাকার চান মিয়ার মেয়ে। স্বামী আব্দুর রাজ্জাকের সঙ্গে আশুলিয়ার ইসলামনগর এলাকায় ভাড়া বাসায় থেকে অনন্ত পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন তিনি।

ওসি মহসিনুল বলেন, মঙ্গলবার গভীর রাতে পারিবারিক কলহের জেরে সোমাকে শ্বাসরোধ করে হত্যা করে রাজ্জাক। নিহতের স্বজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সকালে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার পর থেকে রাজ্জাক পলাতক রয়েছেন।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় সড়কের পাশে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

ওই যুবককে হত্যার পর কেউ ফেলে গেছে না কি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি ওসি।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।