২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ‘জেএমবি’ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

বগুড়ায় এক ‘জেএমবি’ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময় তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়।    

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 03:40 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে বগুড়ায় শিয়া মসজিদে হামলায় ব্যবহৃত অস্ত্রও রয়েছে পুলিশ দাবি করছে।     

বুধবার ভোরে শাজাহানপুর উপজেলার মধ্য কামারপাড়ার নিজ বাড়ি থেকে মোমিন মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।

মোমিন কামারপাড়ার মৃত মোজাহার আলী মণ্ডলের ছেলে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র।

দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান একথা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযানকালে মোমিনের বাড়ি তল্লাশি করে বিদেশে তৈরি একটি একে ২২ রাইফেল, তিনটি ম্যাগজিনে এই রাইফেলের ২৮ রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

অভিযানের আগে তার বাড়িতে অবস্থানকারী আরও কয়েকজন জেএমবি সদস্য পালিয়ে গেছে বলে দাবি করেন এসপি।

এসপি বলেন, মোমিনের বাড়িতে পাওয়া একে ২২ স্বয়ংক্রিয় রাইফেলটি গত বছরের ২৬ নভেম্বর বগুড়া শিয়া মসজিদে হামলার ঘটনায় ব্যবহৃত হয়েছে।

“তার কাছ থেকে আস্ত্রের উৎস জানার চেষ্টা চলছে। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন জানানো হবে।”

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমিন শিয়া মসজিদে হামলায় জড়িত কয়েকজনের নাম বলেছে। এছাড়া শিয়া মসজিদে হামলায় ইতিপূর্বে গ্রেপ্তার কয়েকজনও আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে তাদের নাম বলেছে।

বগুড়া ডিবি পুলিশের উপপরিদর্শক মজিবুর রহমান বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান এসপি।

এছাড়া গ্রেপ্তার মোমিন শেরপুরের জোয়ানপুর গ্রামে বোমা বিস্ফোরণ ও গ্রেনেড উদ্ধারের ঘটনায় যুক্ত কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসপি।

তিন বছর আগে মোমিন জেএমবিতে যোগ দেয় বলে পুলিশকে জানিয়েছে, বলেন এসপি আসাদুজ্জামান।

গত বছরের ২৬ নভেম্বর বগুড়ার শিবগঞ্জের হরিপুরে কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের আল মোস্তফা মসজিদে (শিয়া মসজিদ) অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন ওই মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৭০)।  আহত হন ইমাম শাহিনুর রহমান (৬০) এবং স্থানীয় বাসিন্দা দুই মুসল্লি তাহের মিস্ত্রি (৫০) ও আফতাব আলী।