প্রক্টরের পদত্যাগ দাবিতে ধর্মঘটে জাবি শিক্ষার্থীরা
দায়িত্বে অবহেলার অভিযোগ এনে প্রক্টরের পদত্যাগ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে বাম ধারার ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক জোটের ধর্মঘট।
তাদের অভিযোগ, কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুসহ সকল গুম, হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে গত সোমবার ডাকা হরতালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটে প্রক্টর তপন কুমার সাহার ‘ইন্ধনেই’ শিক্ষার্থীদের ওপর ‘হামলা চালায়’ পুলিশ।
আন্দোলনরত শিক্ষার্থীরা সেদিন হরতালের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশের পিটুনিতে ২০জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে নিয়ে যায় বলে আন্দোলনকারীদের ভাষ্য।
বুধবার সকালে আন্দোলনকারীরা ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ করে দিলে ক্যাম্পাস থেকে কোনো বাস ঢাকার দিকে যেতে পারেনি। বিভিন্ন অনুষদের সামনে অবস্থান নিয়ে সকাল থেকেই তিন জোটের নেতাকর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন।
প্রগতিশীল ছাত্রজোটের নেতা ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রক্টরের সবুজ সংকেত ছাড়া এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা সম্ভব নয়।”
দাবি মেনে প্রক্টর অবিলম্বে পদত্যাগ না করলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জুবায়ের টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই প্রক্টর ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তিনি প্রক্টর থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমরা তাকে স্বেচ্ছায় এই পদ ছাড়ার অনুরোধ করছি, অন্যথায় তাকে বাধ্য করা হবে।”
ছাত্রজোট নেতারা অভিযোগ করেন, সোমবার তাদের সড়ক অবরোধ শুরুর সময় প্রক্টর সেখানে ছিলেন। পুলিশ শিক্ষার্থীদের ওপর চড়াও হওয়ার আগে আগে তিনি নিরাপত্তা কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের ফটক বন্ধ করার নির্দেশ দিয়ে সরে যান।
বিশ্ববিদ্যালয়ের বামপন্থি শিক্ষকদের সংগঠন শিক্ষক মঞ্চের আহ্বায়ক দর্শন বিভারে সহযোগী অধ্যাপক রায়হান রাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই প্রক্টর আগেও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, এখনো দিচ্ছেন। তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারেননি। তার এ পদে থাকার নৈতিক অধিকার নেই।
অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ অস্বীকার করে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক না। শিক্ষার্থীদের লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি, তাই এর বেশিকিছু বলতে পারছি না।”
