কুষ্টিয়ায় নিহত স্কুলশিক্ষকের ভাইও বাঁচলেন না
কুষ্টিয়ার ভেড়ামারায় একদিন আগে ধারালো অস্ত্রের আঘাতে নিহত স্কুলশিক্ষকের ভাইও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মিজানুর রহমান নামে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয় বলে ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার জানান।
তিনি বলেন, “চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে মিজানুর মারা যান। তার লাশ কুষ্টিয়ায় আনার প্রস্তুতি চলছে।”
সোমবার রাতে ভেড়ামারার ফকিরাবাদ গ্রামের মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার সময় হামলার শিকার হন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মজিবর রহমান ও তার ভাই মিজানুর।
হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মজিবর ঘটনাস্থলেই মারা যান; গুরুতর আহত হন মিজানুর।
মিজানুরকে ওই রাতেই কুষ্টিয়া সদর হাসপাতালে এবং পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয় পুলিশের ধারণা।
