ফেনীতে চেয়ারম্যান প্রার্থীসহ দুই বিএনপি নেতাকে বহিষ্কার
ফেনীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এক চেয়ারম্যান প্রার্থীসহ দুই বিএনপি নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি।
মঙ্গলবার বিকালে সদর উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলন করে বহিষ্কারের বিষয়টি জানায়।
বহিষ্কৃতরা হলেন সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. দাউদ বেলাল এবং সদর উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী অভি।
ফেনী শহরের তাকিয়া রোডে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুলের বাসভবনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান।
লিখিত বক্তব্যে বিএনপির এ নেতা দাবি করেন, বিএনপির প্রার্থী দাউদকে অস্ত্রের মুখে জিম্মি করে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করেছে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়, দাউদ বেলাল দলের সাথে আলোচনা না করে প্রার্থিতা প্রত্যাহার করায় গত ২০ এপ্রিল তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সদর উপজেলা বিএনপি। নোটিশের জবাব না দেওয়ায় মঙ্গলবার তাকে বহিষ্কার করা হয়েছে।
একই সাথে ওই ইউনিয়নে ছনুয়া ইউনিয়ন বিএনপির কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়া সদর উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী অভি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাকেও বহিষ্কার করা হয়েছে বলে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ৭ এপ্রিল চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনী সদর উপজেলার ছনুয়া, ফরহাদনগর, ধলিয়া ও লেমুয়া ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আর কোনো প্রার্থী না থাকায় ছনুয়া ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী করিম উল্লাহ বিজয়ী হতে চলছেন।
