ফল বদলে আ. লীগ প্রার্থীকে জেতানোর অভিযোগ
নীলফামারী সদরের রামনগর ইউপি নির্বাচনে ফল বদলে আওয়ামী লীগ প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত করার অভিযোগ এনেছেন এক স্বতন্ত্র প্রার্থী।
মঙ্গলবার দুপুরে ইউনিয়নের বাহালীপাড়া চৌধুরী বাজার দাখিল মাদ্রাসা মাঠে এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানান মো. ওবায়দুল ইসলাম।
একই অভিযোগ জানিয়ে সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদনও করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওবায়দুল ইসলাম বলেন, ইউনিয়নের ৯টি কেন্দ্রে তার মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ২৯৬ ভোট পড়েছে এবং আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান বাবু নৌকাও প্রতীকে ৪ হাজার ৩৬৪ ভোট পড়েছে বলে কেন্দ্রে ঘোষণা দেন রির্টানিং কর্মকর্তা সাইফুল ইসলাম।
“কিন্তু কেন্দ্রের ফলাফল উপজেলা পরিষদে আসার পর রাতে ওই কর্মকর্তা সুপরিকল্পিতভাবে ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তাদের সাথে যোগসাজোস করে ফলাফল কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত ঘোষণা করেন।”
আওয়ামী লীগ দলীয় প্রার্থী মিজানুর রহমানন বাবুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন বলেও তিনি জানান।
তিনি বলেন, “আমি মঙ্গলবার সকালে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদনের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার ঘোষণার অডিও নির্বাচন কর্মকর্তাকে জমা দিয়েছি।”
অভিযোগের অস্বীকার করে রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং ও রির্টানিং কর্মকর্তারা ফলাফল ঘোষণার পর আর কিছু করার থাকে না উল্লেখ করে জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দীন বলেন, তিনি (ওবায়দুল) চাইলে নির্বাচন কমিশনে আবেদন করতে পারেন। অথবা ফলাফল গেজেট হওয়ার ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইবুনালে মামলা করতে পারেন।
