সংঘর্ষে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, আটক ৩
ফেনীর সোনাগাজী উপজেলায় পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু ও কমপক্ষে সাতজন আহত হয়েছে।
সোমবার সকালে কামরুল হাসান রকির (১৬) মৃত্যুর ঘটনায় তিনজন আটক হয়েছে বলে সোনাগাজী মডেল থানার এসআই মো. শাহ আলম জানান।
আটককৃতরা হলেন যুবলীগ কর্মী মো. ইব্রাহীম (৩০), সাইফ উদ্দিন রুবেল (৩১) ও রাসেল (৩০)।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ববিরোধের জের ধরে রোববার রাতে চরসোনাপুর গ্রামের সম্প্রতি দেশে বেড়াতে আসা আবুধাবী প্রবাসী দুলাল হোসেনকে ছাত্রলীগ কার্যালয়ে আটকে রাখে স্থানীয় যুবলীগকর্মী মাঈন উদ্দিন, ইয়াছিন ও সাইফুলসহ কয়েকজন।
“পরে দুলালের গ্রামের লোকজন তাকে উদ্ধার করতে গেলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগ কার্যালয়সহ আশপাশের বেশ কটি দোকানপাট ভাঙচুর এবং একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুলালের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।”
ঘটনার সময় উভয় পক্ষ প্রায় অর্ধশতাধিক ককটেল ও পটকার বিস্ফোরণ ঘটায় বলে এসআই জানান।
সংঘর্ষে আমিরাবাদ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শেখ ইসমাইল হোসেন, দুলাল হোসেন, নুর আলম, সাব্বির, রহমত উল্যাহ এবং ছাত্রলীগকর্মী কামরুল হোসেন রকিসহ কমপক্ষে সাতজন আহত হয় বলে স্থানীয়রা জানিয়েছে।
গুরুতর আহত ছাত্রলীগ কর্মী কামরুল হোসেন রকিকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নেওয়ার পথে মৃত্যু হয় বলে ওসি মো. হুমায়ুন কবীর জানান।
ওসি বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ইব্রাহীম, রুবেল ও রাসেলকে আটক করেছে।
নিহত কামরুল হাসান রকি সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের আবুধাবী প্রবাসী নূর নবীর ছেলে ও চট্টগ্রামের বড় কুমিরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
