টুঙ্গিপাড়ায় সাধু হত্যায় মামলা
গোপালগঞ্জে সাধু পরমানন্দ রায় (৭৫) হত্যার ঘটনায় টুঙ্গিপাড়া থানায় মামলা হয়েছে।
আটক শরিফুল শেখকে (২৫) প্রধান আসামি করে রোববার রাতে পরমানন্দর ছেলে প্রফুল্ল রায় মামলা করেন বলে থানার ওসি মাহামুদুল হক জানান।
শুক্রবার বিকালে হামলার শিকার হয়ে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পরমানন্দ রায়।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামি শরিফুল শেখ মূলত হিন্দুবিদ্বেষী। মন্দির বা হিন্দুদের দেখলে ঢিল ছুড়ে মারে।
“সাধু পরমানন্দ রায়কে হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তার শরিফুল।”
নিহত সাধুর ছেলে প্রফুল্ল রায় বলেন, “শুক্রবার বিকেলে বাবা গিমাডাঙ্গা হাটে বাজার করতে যান। হাট থেকে ফেরার সময় গিমাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখ মানুর ছেলে শরিফুল শেখ বাবাকে দেখে ক্ষিপ্ত হয়।
“চাড়াল এ দেশে রাখবে না বলে ফার্নিচারের দোকান থেকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। প্রথমে তার হাতে ও পেটের নিচের অংশে কোপ দেয়। এক পর্যায়ে তিনি রাস্তার উপর পড়ে গেলে শরিফুল তার পিঠে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়। অস্ত্রটি পেট দিয়ে বের হয়ে যায়।”
প্রথমে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে, সেখান থেকে খুলনা এবং পরে ঢাকায় নেওয়া হলে শনিবার দুপুরে তার মৃত্যু হয় বলে তিনি জানান।
