ফরিদপুরে আ.লীগ প্রার্থীর ভাই খুনের মামলায় গ্রেপ্তার ১৩
ফরিদপুরের মধুখালীতে আওয়ামী লীগ প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
মধুখালী থানার ওসি রহুল আমিন জানান, রোববার রাতে নিহতের চাচা ও ওই ঘটনায় আহত শাহদাত হোসেন লাল মামলটি করেন।
এতে ১০২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
আহত শাহদাত হোসেন লাল বাঘাট বাজার কমিটি সাধারণ সম্পাদক। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
সকালে মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবী বলেন, “হত্যাকাণ্ডের পর এখন পর্যন্তু আমরা ১৩ জনকে গ্রেপ্তার করতে পেরেছি।”
আদালতের কাছে গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
চতুর্থ দফা নির্বাচনে প্রচারে বাধা দেওয়া ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা মধুখালীর বাঘাট বাজারের আওয়ামী লীগ অফিসে হামলা চালায়। এ ঘটনায় বাঘাট ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর ভাই আতিয়ার রহমান নিহত এবং কয়েকজন আহত হন।
