জয়পুরহাটে ব্যালটের সিলমারা মুড়ি উদ্ধার
জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার একটি ভোট কেন্দ্রের শৌচাগারে ব্যালট পেপারের আড়াইশ সিলমারা মুড়ি পাওয়া গেছে।
রোববার আইমা রসুলপুর ইউনিয়নের লকমা প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার থেকে ওইসব মুড়ি পুলিশ উদ্ধার করে।
পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ব্যালট পেপারের ২৫৬টি মুড়ি উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য হেমরম নামে লকমা স্কুলের অফিস সহকারীকে আটক করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনার সুষ্ঠু বিচার ও পুনরায় ভোটের দাবি করছেন এলাকাবাসী ও নির্বাচনে পরাজিত প্রার্থীরা।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর উদ্দিন আল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
২৩ এপ্রিল জেলার পঁচবিবি উপজেলায় ৮টি ইউনিয়নে ভোট হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, পরদিন রোববার সকালে আইমা রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লকমা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় কয়েকজন নারী এসে নৈশ প্রহরীর কাছ থেকে শৌচাগারের তালার চাবি চান।
এ সময় অফিস সহকারী তাদেরকে চাবি না দিয়ে এলাকাবাসীকে খবর দেন। এলাকাবাসী তালা খুলে ওই টয়লটে চেয়ারম্যান পদের ১০৪ পাতা, সদস্য পদের ১০৪ পাতা ও সংরক্ষিত মহিলা পদের ৪৮ পাতার ব্যালট পেপারের সিলযুক্ত মুড়ি এবং স্কুলের পেছনে কিছু মুড়ির পোড়ানো পাতা দেখতে পান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করে পুনরায় ভোটের দাবি জানিয়েছে।
এভাবে ব্যালট পেপার উদ্ধারের বিষয়টি এলাকাবাসী মেনে নিতে পারছেন না বলে জানান আয়মা রসুলপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদুল আলম বেনু।
