কর্মবিরতিতে মাদারীপুর হাসপাতালের চিকিৎসকরা
অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে ডাক্তারকে ‘লাঞ্ছিত’ করায় মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা বন্ধ রয়েছে।
এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার দুপুরে হাসপাতাল চত্বরে মানববন্ধন করেছেন চিকিৎসক ও কর্মচারীরা।
শুক্রবার থেকে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা কর্মবিরতি করছেন।
জরুরি চিকিৎসা ছাড়া সব ধরনের সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
রোগীর স্বজনরা জানান, শুক্রবার ভোররাতে মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার লাল মিয়া শিকদারের স্ত্রী রেনু বেগমকে গুরুতর অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হয়।
রেনু বেগমের ছেলে ধীরাজ শিকদারের অভিযোগ, ওই সময় কর্তব্যরত চিকিৎসক ডা. মাইনুল ইসলাম রোগীকে ব্যবস্থাপত্র না দিয়ে হাসপাতালের চিকিৎসকদের বিশ্রাম কক্ষে ঘুমিয়ে পড়েন। রোগীর অবস্থার অবনতি হলে বারবার চিকিৎসককে ডাকলেও তিনি আসেননি।
“পরে চিকিৎসা না পেয়েই আমার মা মারা যান।”
তবে চিকিৎসার অবহেলার বিষয়টি অস্বীকার করেছেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দাস।
তিনি চিকিৎসকের উপর হামলার অভিযোগ করে এর সুষ্ঠু বিচারের দাবি জানান।
ডা. মাইনুল ইসলাম বলেন, রোগীর মৃত্যুর পর তার ছেলে ধীরাজ শিকদার তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করেছেন।
এ ব্যাপারে ধীরাজ শিকদার বলেন, “আমার মা মারা যাওয়ার পরে ডাক্তারের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তবে তাকে কোনো মারধর করা হয়নি।”
