আসামির পা ভাঙল বাদীর লোকজন, এসআই বরখাস্ত
পুলিশের উপস্থিতিতে আসামির দুই পা ভেঙে দেওয়ার ঘটনায় জয়দেবপুর থানার এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার বিকেলে গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই আলী আকবরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনা তদন্তে জন্য গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
কমিটির অন্য সদস্যরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমীর হোসেন ও পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিনুল ইসলাম।
তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
দুই পা ভেঙে দেওয়া ওই যুবকের নাম রুবেল মিয়া, তার বাড়ি পুবাইলের হায়দরাবাদ এলাকায়।
রুবেলের চাচা বাবুল মিয়া জানান, তার (রুবেলের) নামে থাকা একটি মামলার সূত্র ধরে বুধবার রাতে এসআই আলী আকবর তাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় রুবেলকে পেয়ে পুলিশের উপস্থিতিতে ওই মামলার বাদী পক্ষের লোকজন বেদম মারধর করে দুই পা ভেঙে দেয়।
“পরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ঘেরাও করে রাখে। খবর পেয়ে জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান মিয়া ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।”
ঘটনার পর আহত রুবেলকে প্রথমে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং পরে ঢাকার মোহাম্মদপুর বাবর রোড এলাকায় জনসেবা নার্সিং হোমে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ওই হাসপাতালের চিকিৎসক অর্থোপেডিক সার্জন নুর মোহাম্মদ শামীম বলেন, “মারধরে রুবেলের দুই পায়ের হাড় ভেঙে আলাদা হয়ে গেছে। তার এক পায়ে অপারেশন করা হয়েছে এবং অন্য পায়েও অপারেশন করতে হবে।”
এদিকে এ ঘটনায় রুবেলের বাবা মো. নুরুল ইসলাম পাঁচ জনকে আসামি করে জয়দেবপুর থানায় এ মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন- একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সোহেল মিয়া (২৭) ও রবিউল ইসলাম (৩২), কামাল হোসেন সোধন (৬০), তার ছেলে আ. রহিম (২৮) ও লোকমান মিয়া (২২)।
