ইউপি ভোট: বাগমারায় আ. লীগ-বিদ্রোহী সংঘর্ষ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষ হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালকান্দি ইউনিয়নের সাজুড়িয়া গ্রামে এ হামলায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকের দোকানে ভাংচুর ও লুটপাট চালানো হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
বাগমারা থানার ওসি মতিহার রহমান জানান, দুইপক্ষের সংঘর্ষে এক কিশোরসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
এদের মধ্যে ইটের আঘাতে আহত মেহেদী হাসান (১২) নামে ওই কিশোরকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ইউপি নির্বাচনের চতুর্থ দফায় আগামী ৭মে বাগমারার বোয়ালকান্দি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আব্দুস সালাম; আর দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে ভোটে রয়েছেন আলমগীর হোসেন সরকার।
প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানান, রাতে ১৫/২০টি মোটরসাইকেল ও একটি মিনি ট্রাকে করে বহিরাগতসহ আলমগীর সরকারের ৪০/৫০ জন সমর্থক সাজুড়িয়ার তালতলি মোড়ের কাছে নৌকা প্রতীকের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। তারা ব্যানারে থাকা প্রধানমন্ত্রী, দল মনোনীত প্রার্থী আব্দুস সালাম ও নৌকা প্রতীকের ছবি চাকু দিয়ে কেটে ফেলে দেয়।
এর পর সাজুড়িয়া মোড়ে গিয়ে দল মনোনীত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালালে দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় ইটের আঘাতে সাজুড়িয়ার মামুন রশিদের ছেলে মেহেদিসহ কয়েকজন আহত হন।
এরপর হামলাকারীরা সেখান থেকে ফিরে গিয়ে দ্বিতীয় দফায় তালতলি মোড়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক আব্দুস সোবহানের মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তারা তাহেরপুর পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুমনকে মারধরও করে।
বাগমারার ওসি মতিহার রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার অভিযোগ করেন, বহিরাগত ক্যাডার নিয়ে বিদ্রোহী প্রার্থী আলমগীরই পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
হামলাকারীদের অধিকাংশ তাহেরপুর পৌরসভা এলাকার বলেও তার দাবি।
আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালামের অভিযোগ, দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকে আলমগীর তার সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছে।
এ ব্যাপারে গত ২ ও ১৯ এপ্রিল থানায় দুইটি অভিযোগ দেওয়া হয়। পুলিশ অভিযোগ দুটি জিডি হিসেবে রেকর্ড করলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় এ ধরনের হামলার সুযোগ পেয়েছে বলে মন্তব্য তার।
এ ব্যাপারে বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
