২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সদস্য প্রার্থী খুন: মামলার বাদীকে ‘হুমকি’

গাজীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক সদস্য প্রার্থীকে হত্যা মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 09:18 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

গত মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার চালিয়ে বাড়ি ফেরার পথে শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আক্তার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়।  

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন তার স্ত্রী শাহনাজ আক্তার।

আসামিরা হলেন শ্রীপুরের মারতা এলাকার আনসর আলী পালোয়ান, মনির হোসেন খন্দকার, কাজল সরকার, ওয়াসিম খান, হাবিবুর রহমান খন্দকার, খন্দকার জাকির হোসেন, আনোয়ার হোসেন, মেহেদী খন্দকার, মজিবুর রহমান খন্দকার, সহিদুল ইসলাম খন্দকার, নাজিম উদ্দিন পালোয়ান,  হাফিজ উদ্দিন, ইউনুস পলান ও জামান খন্দকার।

শাহানাজ আক্তার বলেন, আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় বিভিন্ন অভিযোগে আরও মামলা আছে।

মামলা করায় তারা তাকে এবং তার সন্তানদের হত্যার হুমকি দিচ্ছে। তিনি সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

জয়দেবপুর থানার এসআই মো. কবির হোসেন বলেন, উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের ২৩ এপ্রিলের নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন আক্তার হোসেন।

মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার চালিয়ে এক নারীর জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে বলে মামলায় উল্লেখ করা হয়।

ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী শাহনাজ আক্তার জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান কবির।

মামলায় ১৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ৪-৫ জনকে আসামি করা হয় বলে জানান তিনি।

জয়দেবপুর থানার এসআই সুজায়েত হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

পুরনো খবর:

গাজীপুরে ইউপি নির্বাচনের প্রার্থীকে কুপিয়ে হত্যা