জয়পুরহাটে পুকুরে শিশুর লাশ
জয়পুরহাটের আক্কেলপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আক্কেলপুর থানার ওসি সাজ্জাদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার সরস্বতীপুর গ্রামের একটি পুকুরে শিশুটির লাশ পাওয়া যায়।
আট বছর বয়সী তৌহিদুল ইসলাম তৌহিদ ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় তৌহিদ। রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে।
তৌহিদের মৃত্যু পানিতে ডুবে হয়েছে, না এটি হত্যাকাণ্ড- তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে ওসি জানান।
