২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আ.লীগ প্রার্থীদের ভোট বর্জন

খাগড়াছড়িতে ‘অব্যাহত ভয়-ভীতি ও হুমকিতে’ সংঘাতের আশঙ্কায় আওয়ামী লীগের তিনজনসহ চার ইউপি প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 08:13 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

‘আঞ্চলিক রাজনৈতিক দলের হুমকিতে’ নির্বাচন বর্জনকারী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন লক্ষ্মীছড়ি ইউনিয়নের লেলিন চাকমা, দুল্যাতলি ইউনিয়নের মো. নুরে আলম ও বর্মাছড়ি ইউনিয়নের নীলবর্ণ চাকমা।

বৃহস্পতিবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই ঘোষণার কথা জানান।

পরে তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।

এ অবস্থায় নির্বাচনে গেলে সংঘাত অনিবার্য দাবি করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বলে তারা জানান।

একই অভিযোগে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের বিএনপি প্রার্থী রিপন ত্রিপুরা ভোট বর্জনের ঘোষণা দেন।

এই প্রার্থীরা আঞ্চলিক রাজনৈতিক দল বা হুমকিদাতাদের নাম উল্লেখ করেননি।