অ্যাম্বুলেন্স থেকে গাঁজা উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২০ কেজি গাঁজাসহ একটি অ্যাম্বুলেন্স আটক করেছে পুলিশ। ওই গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে দোয়ানী তিস্তা ব্যারাজ এলাকা থেকে রংপুর ইউনাইটেড হাসপাতালের এই অ্যাম্বুলেন্সটি আটক করা হয়।
হাতীবান্ধা থানার এসআই মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দোয়ানী তিস্তা ব্যারাজ এলাকা থেকে রংপুর ইউনাইটেড হাসপাতালের অ্যাম্বুলেন্সটি আটক করা হয়।
“পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।”
তিনি বলেন, ওই গাড়ি থেকে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের কোতয়ালী থানার উত্তম গ্রামের আজিজার রহমানের ছেলে অ্যাম্বুলেন্স চালক মোজাফফর হোসেন (৩০), রংপুর ধাপ এলাকার আব্দুল করিমের ছেলে চালকের সহকারী সফিকুল ইসলাম (২৯), কোতায়ালী থানার বাওয়াই পাড়ার সবজাল রহমানের ছেলে সাদেকুল ইসলাম (২০) ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ধওলাই গ্রামের এমদাদুল হকের ছেলে সফিকুল ইসলাম (৩০)।
