ভাইয়ের পর এবার মা-বোনকে কুপিয়ে জখম
মাস দেড়েক আগে বড় ভাইকে কুপিয়ে পালিয়ে যাওয়া এক তরুণ এবার তার মা ও বোনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে।
বৃহস্পতিবার দুপুরে পাবনার বেড়া উপজেলার কুশিয়ারা গ্রামে এ ঘটনায় আহতদের প্রতিবেশীরা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা হলেন কুশিয়ারা গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী ওয়াজিফা খাতুন (৪৫) ও তার মেয়ে জেলেফা খাতুন (২৫)।
পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রোগ্রাম অফিসার মুক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে এ ধরনের দুজন রোগী আসলে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি যে বেড়া উপজেলার কুশিয়ারা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মানিক হোসেন (১৮) নিজ মা ও বোনকে কুপিয়ে মারাত্মক জখম করে।
তাদের অবস্থা বর্তমানে আশংকাজনক। আমাদের পক্ষ থেকে সার্বিক সাহায্য সহযোগিতা করা হচ্ছে।
হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জুলহাস জানান, দেড় মাস পূর্বে মানিক তার বড় ভাই মজনুকে কুপিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
“হঠাৎ বৃহস্পতিবার বাড়িতে এসে অতর্কিতে মা ও বোনকে কুপিয়ে আবারও চলে যায় সে।”
এ ব্যাপারে পাবনা জেনারেল হাসাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আবু তালেব জানান, তাদের অবস্থা আশংকাজনক হলে চিকিৎসা দেওয়ার পর বর্তমানে কিছুটা উন্নত হয়েছে।
