২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আইএসের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আবার দেশে আইএস জঙ্গির কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 04:15 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

বৃহস্পতিবার টাঙ্গাইলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “দেশে আইএস জঙ্গির কোনো অস্তিত্ব নেই। তবে আমাদের দেশীয় জঙ্গি রয়েছে। অনেকদিন ধরেই দেশীয় জঙ্গিরা সক্রিয় ছিল।”

নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের তৎপরতায় তারা নিয়ন্ত্রিত রয়েছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর।

তবে দেশে কত জঙ্গি সক্রিয় আছে তার সঠিক তথ্য নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, “তবে যারা এই জঙ্গি তৎপরতায় জড়িত তারা সকলেই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।”

দেশে বিভিন্ন সময় সন্ত্রাসী হামলার পর আইএস জঙ্গির সংশ্লিষ্টতার বিষয় সরকার বারবারই অস্বীকার করে আসছে। দেশে আইএস জঙ্গির অস্তিত্বের কথাও উড়িয়ে দিচ্ছে।

সকালে টাঙ্গাইলের নাগরপুরে ফায়ার সার্ভিস ও থানা ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

জয়কে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে শফিক রেহমানকে আটকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি নাম উল্লেখ না করে বলেন, তিনি নিজেও ষড়যন্ত্রের ঘটনাস্থলে ছিলেন।

যথেষ্ট তথে্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন বলে এর বেশি কিছু আর বলবেন না।  

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, সাইবার ক্রাইম যাতে না হয় সেজন্য একটি ইউনিট করা হয়েছে। সেই ইউনিটে প্রশিক্ষিত অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে, যাতে অপরাধ দমনে শক্তিশালী ভুমিকা রাখতে পারে।

কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিষয়ে মন্ত্রী বলেন, মামলাটি সিআইডি তদন্ত করছে। শিগগিরই এ হত্যার রহস্য উদঘাটিত হবে।

এর আগে নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নতুন ভবন ও নবনির্মিত নাগরপুর থানা ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন ও মনোয়ারা বেগম, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।