একসঙ্গে ৫ সন্তান: একজনের মৃত্যু
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ সন্তানের একজন মারা গেছে।
দুই মেয়ের একজন বুধবার রাত সাড়ে ৩টায় মারা যায় বলে হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ জানিয়েছেন।
তবে অপর এক মেয়ে ও তিন ছেলেসহ তাদের মা সুস্থ আছেন বলে জানান তিনি।
মঙ্গলবার রাত ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আরজিনা বেগমের (৩২) পাঁচ সন্তানের জন্ম হয়।
আরজিনার অস্ত্রোপচারকারী চিকিৎসক হাসপাতালের সহকারী অধ্যাপক সিরাজুম মুনিরা ডেইজী বলেন, “জন্মের পর থেকে একটি মেয়ে অসুস্থ ছিল। তাকে নিয়ে আমরাও আশঙ্কায় ছিলাম। শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।”
বিয়ের একযুগ পর পাঁচ সন্তানের মা হন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কিসামত শেরপুর গ্রামের সিরিকুল শেখের স্ত্রী আরজিনা বেগম।
সিরিকুল ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন।
আরজিনার শাশুড়ি নুর মহল বলেন, “অনেকদিন বাদে পাঁচ ছেলে-মেয়ের মুখ দেখে খুশি হছিলাম। একট মেয়ে মারা গেছে। আল্লাহর ধন আল্লায় নিছে, কওয়ার কিছু নাই। বাকি ছেলে-মেয়েরা যাতে সুস্থ থাকে, আল্লাহর কাছে এই প্রার্থনা করি।”
