এক যুগ পর একসাথে ৫ সন্তান
বিয়ের এক যুগ পর একসাথে পাঁচ সন্তানের মা হয়েছেন গাইবান্ধার এক নারী।
মঙ্গলবার রাত ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আরজিনা বেগমের (৩২) পাঁচ সন্তানের জন্ম হয়।
অস্ত্রোপচার করেন সহকারী অধ্যাপক চিকিৎসক সিরাজুম মুনিরা ডেইজী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরজিনা বিকাল ৫টায় হাসপাতালে ভর্তি হন। রাত ৯টায়ও স্বাভাবিক প্রসব না হলে অস্ত্রোপচার করা হয়।
“তিন ছেলে, দুই মেয়ে ও মা সুস্থ আছেন।”
সিরিকুল ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। তিনি রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন বলে তার ছোট ভাই সাব্বির জানিয়েছেন।
মা আরজিনা আবেগাপ্লুত কণ্ঠে সাংবাদিকদের বলেন, “অনেক সাধনার ধন আমার পাঁচ সন্তান। আমার বুকের মানিকরা যেন সুস্থ থাকে সে জন্য আপনেরা দোয়া করবেন।”
আরজিনার পরিবারের সবাই খুশি। শাশুড়ি নূরমহল বলেন, ১২ বছর আগে আরজিনার সঙ্গে সিরিকুলের বিয়ে হয়। সন্তানের আশায় অনেক চিকিৎসক দেখিয়েছেন তারা।
“একযুগ পর পাঁচ সন্তান হইচে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই।”
