২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিনামূল্যে সার-বীজ পেলেন ৩ হাজার কৃষক

আউশ ধান আবাদের জন্য মাগুরার দুই হাজার ৯৫০ জন কৃষককে বিনামূল্যে সার-বীজ দেওয়া হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 07:22 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

বুধবার বিকেলে মহম্মদপুর উপজেলা কৃষি অফিস উচ্চফলনশীল জাতের আউশ এবং নেরিকা জাতের আউশ চাষের জন্য বীজ-সার বিতরণ কার্যক্রম শুরু করে।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর উপ পরিচালক পার্থ প্রতীম সাহা বলেন,  ‘সেচের সুব্যবস্থা নেই আউশ নির্ভর এমন জেলায় এই ধানের বিভিন্ন জাত জনপ্রিয় করার লক্ষ্যে প্রণোদনা দেওয়া হচ্ছে।

“প্রতিটি ইউনিয়নের কৃষকদের কমিটি আছে ও তাদের কার্ডও রয়েছে। ওই কার্ড দেখেই কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে।”

গত বছর আউশ মৌসুমেও জেলার চারটি উপজেলায় ৩ হাজার কৃষককে প্রণোদনা দিয়েছিল সরকার।

কৃষি বিভাগ জানায়, জেলা সদর, মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলার ২ হাজার ১০০ জনকে উফশী আউশ চাষে কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং সেচ বাবদ ৪০০ টাকা করে পাবেন।

নেরিকা জাতের ধান যে ৮৫০ জন কৃষক চাষ করবেন, তারা ১০ কেজি নেরিকা ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং সেচ ও আগাছা দমন বাবদ ৪০০ করে মোট ৮০০ টাকা পাবেন।

এ উপলক্ষে মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা  মো. আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী।