সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
পঞ্চগড় সদর উপজেলার ময়নাগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
বুধবার দুপুরে এ ঘটনায় গুলিবিদ্ধ দেলোয়ার হোসেনকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেলোয়ার ওই সীমান্তের খেকিপাড়া গ্রামের ইউসুফ হোসেনের ছেলে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল হাকিম মো. নওশাদ বলেন, এ বিষয়ে বিস্তারিত জানতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।
দেলোয়ারের চাচা দুলাল হোসেন (৪০) বলেন, “দুপুর ২টার দিকে আমরা সাত জন বোরো ক্ষেতে কাজ শেষে একটু দূরে বসে ভাত খেয়ে বিশ্রাম নিচ্ছিলাম। আর দেলোয়ার ক্ষেতে কাজ করছিল। তখন হঠাৎ কয়েকটি গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি দেলোয়ার ক্ষেতে পড়ে আছে।”
