শাশুড়ি হত্যা মামলায় মেয়ে জামাইয়ের যাবজ্জীবন
গাজীপুরে শাশুড়ি হত্যা মামলায় মেয়ে জামাইসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শরীফ ফজলে রাব্বী জানান, একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন নিহতের মেয়ে জামাই গাজীপুর সিটি করপোরেশনের চান্দপাড়া এলাকার আনুর উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম, একই এলাকার মালেক সরকারের ছেলে দোলোয়ার হোসেন, জয়নাল আবেদীনের ছেলে খলিল ও সিটি করপোরেশনের কড্ডানান্দুন এলাকার আব্দুস ছাত্তারের ছেলে মাসুদ।
মামলার নথির বরাত দিয়ে শরীফ ফজলে রাব্বী জানান, সাইফুলের বাড়িতে বসবাস করতেন শাশুড়ি আলেয়া বেগম। পারিবারিক কলহের জেরে ১৯৯৪ সালের ৩০ অক্টোবর আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।
পরে পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করলে সহযোগীদের নিয়ে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন তিনি। পরে ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর চার জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় বলে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান।
