২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাচাত ভাইয়ের’ ছুরিকাঘাতে যুবক নিহত

ফেনী সদরে জমির বিরোধের জেরে চাচাত ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 01:08 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

মঙ্গলবার উপজেলার কাজীরবাগ ইউনিয়নের মালিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান।

নিহত শহিদুল ইসলাম (৩২) মালিপুর গ্রামের ফকির বাড়ির আব্দুস সাত্তারের ছেলে।

ঘটনার পর ‘হামলাকারী’ তার চাচাত ভাই সুমন (২৫) পালিয়ে গেছে বলে জানান শাহিনুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে সুমন ও শহিদুলের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এর জেরে মঙ্গলবার রাতে গ্রামের বাদলের দোকানের সামনে শহিদুল ও সুমনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

“এক পর্যায়ে সুমন ছুরি দিয়ে শহিদুলের বুকে আঘাত করলে শহিদুল মাটিতে পড়েন। তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সুমনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।