২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফরউল্যাহ ‘মনোনয়ন বাণিজ্যে’, অভিযোগ নিক্সন চৌধুরীর

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘মনোনয়ন বাণিজ্যের’ অভিযোগ তুলেছেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 08:09 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

মঙ্গলবার বিকালে ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় সংসদ সদস্যর বাসভবনে এক সংবাদ সম্মেলনে নিক্সন চৌধুরী দাবি করেছেন, ফরিদপুরের চরভদ্রাসন, ভাঙ্গা ও সদরপুর এই উপজেলাগুলোতে ইউপি চেয়ারম্যান পদে অর্থের বিনিময়ে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দিচ্ছেন জাফরউল্যাহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাত ভাইয়ের ছেলে নিক্সন চৌধুরী ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকা প্রতীকের জাফরউল্যাহকে হারিয়ে দেন।

সংসদ সদস্য নিক্সন বলেন, “আর্থিক সুবিধা নিয়ে কাজী জাফরউল্যাহ তিন উপজেলার ইউনিয়নগুলোতে অযোগ্য ও বিএনপি-জামায়াতের এজেন্টকে মনোনয়ন দিয়েছেন।”

সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন, ইকরাম শিকদার, হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরীর ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নে মঙ্গলবার দুপুরে এক জনসভায় অংশ নেওয়ার ঘোষণা ছিল; যদিও তা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

নিক্সন চৌধুরীর জনসভার ঘোষণার পর সেখানে আওয়ামী লীগ নেতা জাফরউল্যাহর সমর্থক ছাত্রলীগ-যুবলীগও সমাবেশের ডাক দেয়।

দুই পক্ষের পাল্টাপাল্টি ঘোষণায় সংঘাতের আশঙ্কায় উপজেলা প্রশাসন নিক্সন চৌধুরীর জনসভাস্থলে ১৪৪ জারি করে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, একই স্থানে দুই গ্রুপের সমাবেশ ডাকায় জননিরাপত্তার স্থানে ১৪৪ জারি করা হয়েছে।

নিক্সন চৌধুরীর অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাফরউল্যাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।

তবে তার একান্ত সচিব মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিক্সন চৌধুরী আওয়ামী লীগের কেউ নন। আওয়ামী লীগের কে মনোনয়ন পেলেন, আর কে পেলেন না, তা নিয়ে কথা বলার তিনি কেউ নন।”

আওয়ামী লীগের সংসদ সদস্য, সাবেক হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের ভাই নিক্সন চৌধুরী স্বতন্ত্র সংসদ সদস্য হলেও তার সঙ্গে ভাঙ্গা আওয়ামী লীগের একটি অংশ রয়েছে। 

জাফরউল্যার বিরুদ্ধে ‘মনোনয়ন বাণিজ্যের’ অভিযোগ প্রত্যাখ্যান করে তার সচিব মামুন বলেন, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়।