কেরানীগঞ্জে চার বস্তা গাঁজা উদ্ধার, আটক ২
ঢাকার কেরানীগঞ্জে চার বস্তা গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন, মাদারীপুরের মো. লতিফ হাওলাদারের ছেলে মো. খোকন হাওলাদার (৪০) ও মো. হাতেমের ছেলে মো. শিপন (৩২)।
মঙ্গলবার ভোরে উপজেলার নারকেলবাগ কবরস্থান সংলগ্ন আঞ্চলিক সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. সাইদুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে পুলিশ নারকেলবাগ আঞ্চলিক সড়কে অবস্থান নেয়। ভোরের দিকে অটোরিকশায় করে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের গতিরোধ করে তল্লাশি চালিয়ে চার বস্তায় প্রায় ১০৪ কেজি গাঁজা উদ্ধার ও দুজনকে আটক করে।
