নড়াইলে আ.লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশসহ আহত ২০
নড়াইলের নড়াগাতিতে ‘বিদ্রোহী’ প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশসহ ২০ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার রাতে বাঐসোনা ইউনিয়নের চরডুমুরিয়ায় এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন বলে জানিয়েছেন নড়াগাতি থানার ওসি লস্কর জায়াদুল হক।
আহতদের মধ্যে পুলিশ সদস্য গোলাম ফারুককে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের খুলনা, গোপালগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী এস এম চুন্নুর তার দলের সদস্যদের সঙ্গে সভা করছিলেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থী ফোরকান মোল্যার লোকজন ওই সভায় হামলা চালায়।
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ফোরকান মোল্যার লোকজন পুলিশের উপরও হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়।”
ঘটনার পর পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান ওসি।
নড়াইলের ১০ ইউনিয়নে চতুর্থ ধাপে নির্বাচনে ৭ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
